প্রেম আসলে একরকম হয় না—প্রতিবারই তার রঙ, গন্ধ, তীব্রতা আলাদা। কিন্তু ভালোবাসার?
আমার প্রথম প্রেমে ছিল না কোনো ভালোবাসা, ছিল কেবল একরাশ আগুন—অপার্থিব এক আকর্ষণ, যা আমাকে জ্বালিয়ে দিয়েছিল ভিতর থেকে। সেই আগুনে পুড়ে আমি যেন এক ফিনিক্স পাখি হয়ে আবার জেগে উঠেছিলাম, নতুন করে প্রেমে পড়েছিলাম দ্বিতীয়বার।
কিন্তু এবারও বুঝলাম, সেটা প্রেমই ছিল—ভালোবাসা নয়। প্রেম মানে হয়তো এক ধরণের উত্তেজনা, এক ধরণের মোহ, যা সময়ের সাথে ধীরে ধীরে মিলিয়ে যায়। তবু আমি আবারও প্রেমে পড়লাম—তৃতীয়বারের মতো। আর এইবারের প্রেমে আমি ঘরও বাধলাম।
একই ছাদের নিচে এক যুগের বেশি সময় পার করেছিলাম আমরা। কিন্তু শেষে বুঝলাম—প্রেম হারিয়েছে, ভালোবাসাও হারিয়েছে। নিঃশব্দে একে অপরের পাশ কাটিয়ে গেলাম। সম্পর্কটা শেষ হয়ে গেল, কিন্তু হৃদয়ের খিদে মেটেনি।
তারপরও আমি আবার প্রেমে পড়লাম—একবার, দুইবার, তিনবার, চারবার… যেন ভালোবাসা নামের কিছু একটা সারাজীবন আমাকে টেনে নিয়ে চলেছে। প্রতিবার আমি ভালোবাসতে চেয়েছি, ভালোবাসা পেতে চেয়েছি। কিন্তু প্রতিবারই সে আমার হাত ফসকে চলে গেছে, এসেছে প্রেম!
আজও খুঁজে ফিরি—ভালোবাসা ঠিক কেমন হয়? আগুনের মতো তীব্র, না কি নদীর মতো শান্ত? হাতড়ে বেড়াচ্ছি প্রশ্নের উত্তর, হাতড়ে বেড়াচ্ছি ভালোবাসার হাত!